প্রতিবেদন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দেওয়ালে এবার দেখা গেল পাক অধিকৃত কাশ্মীর (Free POK) নিয়ে দেওয়াল লিখন। যা সামনে আসতেই আবার আরও একপ্রস্থ বিতর্ক শুরু হয়েছে। এবার এবিভিপি সমর্থকরা লিখলেন “ফ্রি পিওকে” শ্লোগান। ফলে বামপন্থী ছাত্রদের সঙ্গে তাদের দেওয়াল দখলের যুদ্ধ নতুন মাত্রা পেল। এর আগে, ক্যাম্পাসে দেওয়াল লিখন নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট বলেন দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী কোনও স্লোগান বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই দেওয়ালের সব গ্রাফিটি, লেখা মুছে দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। কিন্তু, ফের বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারের দেওয়াল স্লোগানে ভরিয়ে দেয় এসএফআই সমর্থকরা। এবার তাদের পালটা দিতে ময়দানে নামল এবিভিপি। ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে এখন দেখা যাচ্ছে তাদের লেখা শ্লোগান। কোথাও লেখা, ‘ফ্রি পিওকে’, কোথাও ‘পিওকে নিয়ে কেন মৌন?’ কোথাও ‘লং লিভ এবিভিপি’। অভিযোগ, এই দেওয়ালগুলিতে এসএফআইয়ের শ্লোগান লেখা ছিল। সেগুলি মুছে ফের তার ওপর নতুন করে শ্লোগান লিখেছে এবিভিপি সমর্থকরা। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী করেন সেটাই দেখার।

Be the first to comment