NEW EVM: সামনেই পুরভোট, রাজ্যে চলে এল ৪০ হাজার নতুন ইভিএম

Spread the love

রোজদিন ডেস্ক: সামনেই রাজ্যে পুরভোট। এর মধ্যেই পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকে প্রস্তুতি আরও গতি পেল। এদিনই রাজ্যে চলে এল ৪০ হাজারেরও বেশি নতুন ইভিএম ইউনিট। নির্বাচন কমিশনের কাছে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় এই ইভিএম ইউনিট চাওয়া হয়েছিল। সেই অনুযায়ী ২১ হাজার ১৮৪টি ব্যালট ইউনিট এবং ১৯ হাজার ৫৬৪টি কন্ট্রোল ইউনিট রাজ্যে এসে পৌঁছেছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। পুরভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। প্রস্তুতি দ্রুত এগিয়ে নিয়ে যেতে ইভিএম সংগ্রহের কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কমিশনের এক কর্তার কথায়, ভোট পরিচালনার অন্যতম প্রধান শর্ত পর্যাপ্ত ইভিএম থাকাটা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে এই মেশিনগুলি আনা হয়েছে। রাজ্যে পৌঁছনো সমস্ত ইভিএম নির্দিষ্ট নিরাপত্তার মধ্যে রাখা হবে। কমিশনের নির্ধারিত প্রোটোকল মেনে প্রতিটি মেশিনের প্রযুক্তিগত পরীক্ষা করা হবে। এরপর জেলার চাহিদা অনুযায়ী ইভিএম বণ্টন, ভোটকর্মীদের প্রশিক্ষণ এবং ভোটগ্রহণের প্রস্তুতির কাজ শুরু হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*