রোজদিন ডেস্ক :
রাজ্যে সফরের দ্বিতীয় দিনে আজ সকালে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে পুজো দিলেন বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন। গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে বলে জানান।
নীতিন নবীনের আগমন নিয়ে আজ কপিল মুনি আশ্রম এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মত। যা দেখে রীতিমত আপ্লুত নীতিন নবীন বলেন, যেভাবে এখানে মানুষ তাঁদের ভালবাসা দিয়েছেন, মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি সহ তাঁরা সবাই মানুষের সেবায় নিয়োজিত থাকবেন।
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর দলের জাতীয় সভাপতির প্রথম সফর ঘিরে রবিবার থেকেই দলের নেতা, কর্মী মহলে রীতিমত উচ্ছাস, আনন্দ দেখা দিয়েছে। গতকাল দিনভর তিনি দলের বিভিন্ন শাখার সঙ্গে বৈঠক করেন। দল, সরকারের মধ্যে সমন্বয়ে বিশেষ গুরুত্ব দেন।
সূত্রের খবর, দলে যাঁরা নতুন আসছেন, তাঁদের সম্পর্কে ভাল করে খোঁজ খবর নিয়ে তিনি সিদ্ধান্ত নিতে বলেছেন। এই বিষয়ে জেলা নেতৃত্ব কে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বলেন তিনি। নিয়মিত জনসংযোগের ওপরও গুরুত্ব দেন।

Be the first to comment