রোজদিন ডেস্ক :
প্রত্যাশিতভাবেই বিহার বিধানসভা নির্বাচনে জয়ী এনডিএ-র নেতা নির্বাচিত হলেন নীতিশ কুমার। আজ পাটনার বিধান সভা ভবনে এনডিএ বিধায়কদের বৈঠকে তাঁর নাম প্রস্তাব করেন বিদায়ী উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। এবারও তিনি ও বিজয় কুমার সিনহাই ফের তাঁর উপ মুখ্যমন্ত্রী হবেন বলে জানা যায়।
এনডিএ-র নেতা নির্বাচিত হওয়ার পর রাজভবনে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র পেশ করেন নীতিশকুমার। সরকার গঠনের কথাও বলেন। আগামী ২২ নভেম্বর বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই আগামীকাল পাটনার গান্ধী ময়দানে নীতিশকুমারের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে।
কাল কতজন মন্ত্রী তাঁর সঙ্গে শপথ নেবেন তা এখনও পরিস্কার নয়। সূত্রের খবর পূর্বতন মন্ত্রিসভার বেশ কয়েকজন এবারেও মন্ত্রী হবেন। এর মধ্যে দ্বিজেন্দ্র প্রসাদ শর্মা, শ্রবণ কুমার, বিজয় কুমার চৌধুরী, লেসি সিং, মদন সাইনি প্রমুখ আছেন।
এনডিএ-র একমাত্র সংখ্যালঘু বিধায়ক জেডিইউ-র জামা খান এবারও সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী হবেন বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
আগামীকাল গান্ধী ময়দানে দশম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতিশ কুমার। এই উপলক্ষে আজ থেকেই সাধারণ ও বিশিষ্ট মানুষের আগমনে জমে উঠেছে রাজধানী পাটনা। সেজেও উঠেছে।

Be the first to comment