রোজদিন ডেস্ক :
কোজাগরি লক্ষ্মীপুজোর সন্ধ্যায় আজ এনসিপিআই নেতা সুদীপ ব্যানার্জির বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার নির্বাচনের আগে তাঁর ওখানে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে উঠেছে। সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, এর মধ্যে কোন রাজনীতি নেই, শুধুই সৌজন্য। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি এখানে আসেন। লক্ষ্মী মা-কে ফুল, মিষ্টি প্রদান করেন। তাঁর প্রিয় নারকোল নাড়ু খান। তাঁকে চারটি নাড়ু দেওয়া হয়, তিনি দুটি নাড়ু খেয়েছেন।
তাঁকে আমন্ত্রণ করা হয়েছিল, তিনি সৌজন্য রক্ষা করতে এসেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ওঁর (সুদীপ ব্যানার্জি) সঙ্গে প্রাতঃরাশ করেন, তাঁর আমন্ত্রণে তিনি এসেছেন, এর মধ্যে কেউ যেন রাজনীতি না খোঁজেন।
উল্লেখ্য, এনসিপিআই রাজ্যের পুরভোটে এনডিএ জোটের শরিক হিসাবে লড়তে আগ্রহী। যদিও এই ভোটের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সাফ জানিয়েছেন, রাজ্যে বিজেপি একাই লড়বে। এই প্রেক্ষিতে আজ এনসিপিআই নেতা সুদীপ ব্যানার্জির বাড়ি মুখ্যমন্ত্রী যাওয়ায় চর্চা জমে উঠেছে।
মমতাপন্থী তৃণমূল সাংসদ সৌগত রায় পৃথকভাবে এই বিষয়ে প্রশ্নে বলেন, সুদীপ ব্যানার্জির বাড়ি দীর্ঘদিন ধরেই লক্ষ্মীপুজো হয়, ওঁর স্ত্রী নয়না ব্যানার্জি এর ব্যবস্থাপনা করেন। এবার মুখ্যমন্ত্রীর যাওয়াকে তিনিও তাৎপর্যপূর্ণ মনে করেন। কারণ উনি (সুদীপ ব্যানার্জি) বিজেপির ঘনিষ্ঠ হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে শ্রমমন্ত্রী অর্জুন সিং প্রমুখ ছিলেন।

Be the first to comment