প্রতিবেদন: নয়ডায় চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন (Noida bus fire)। অগ্নিদগ্ধ হয়ে বাসের মধ্যেই মৃত্যু ৯ বাসযাত্রীর। ঘটনায় অগ্নিদগ্ধ একাধিক যাত্রী। বৃহস্পতিবার ভোরবেলার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে দিল্লির কাছে গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পর্যটক বোঝাই ওই স্লিপার বাসটিতে আচমকাই আগুন লেগে যায়। দুর্ঘটনার সময় বাসে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন। বাসটি নয়ডা থেকে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। যমুনা এক্সপ্রেসওয়ের দয়ানতপুর গ্রামের কাছে আচমকা বাসটিতে আগুন লেগে যায়। সেই সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং জেবার থানার পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। জখম যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন কীভাবে লাগল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে বলে মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। জানা গিয়েছে, ঘটনা ভোরবেলার দিকে হওয়ায় বেশির ভাগ যাত্রীই তখন ঘুমোচ্ছিলেন। ফলে আগুন লাগলেও তারা টের পাননি। যখন টের পান তখন দেরি হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে গোটা বাসে ছড়িয়ে পড়ে আগুন। সেই আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে ঝাঁপ মারেন। এক যাত্রী বলেন, চারদিকে এতটাই ধোঁয়া ছড়িয়ে পড়েছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। ভিতরে থাকা যাত্রীদের অধিকাংশেরই কার্যত দমবন্ধ হওয়ার অবস্থা হয়েছিল। সবাই একসঙ্গে বাস থেকে বেরতে গিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি লেগে যায়। দুর্ঘটনার খবর পেতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ খোঁজ নেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জখম যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

Be the first to comment