KOLKATA HIGH COURT: ১০ লক্ষ টাকা জরিমানা করা উচিত, তথ্য-প্রমাণ ছাড়া জনস্বার্থ মামলায় বিরক্ত হাইকোর্ট

Spread the love

প্রতিবেদন: কথায় কথায় জনস্বার্থ মামলা! এর জেরে আদালতে জনস্বার্থ মামলার পাহাড়! এই নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। এই জাতীয় মামলায় এবার থেকে যথেষ্ট তথ্য, প্রমাণ না থাকলে জরিমানার হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ। বুধবার এক জনস্বার্থ মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলায় জমা দেওয়া তথ্য ও নথি দেখে বিরক্তি প্রকাশ করে বেঞ্চ। প্রাথমিক পর্যবেক্ষণে বেঞ্চ জানিয়েছে, জনস্বার্থ মামলা দায়েরের নির্দিষ্ট নিয়ম রয়েছে। যে কোনও বিষয়কে সামনে রেখে ইচ্ছে মতো জনস্বার্থ মামলা দায়ের করা যায় না। পর্যাপ্ত তথ্য ছাড়া এই ধরনের মামলা দায়ের হলে জনস্বার্থের মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। এই প্রসঙ্গে আদালত জানায়, এ ধরনের মামলা নিয়ে ভবিষ্যতে কঠোর অবস্থান নেওয়া হতে পারে। প্রধান বিচারপতি কড়া ভাষায় বলেন, এই ধরনের তথ্য ও নথিহীন মামলায় আদালত জরিমানা করতে বাধ্য হবে। সেই সঙ্গে ওই মামলাটি খারিজ করে দেয় বেঞ্চ। আদালত জানায়, যথেষ্ট তথ্য, প্রমাণ ছাড়াই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই ধরনের মামলা করলে ১০ লক্ষ টাকা জরিমানা করা উচিত। আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আপনারাও বা কেন সময় নষ্ট করছেন? ওই সময়টা নিজের লক্ষ্যের জন্য ব্যয় করুন। কলকাতা হাইকোর্টের তথ্য বলছে, চলতি বছরে এখনও পর্যন্ত ৪৭৫টির কাছাকাছি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*