Non-TET শিক্ষকদের বায়োডাটা সংগ্রহের জের, অবসাদে মৃত

Spread the love

রোজদিন ডেস্ক : Non-TET  শিক্ষকদের নিয়ে শীর্ষ আদালতের রায় কার্যকর করতে তড়িঘড়ি  বায়োডাটা সংগ্রহে নেমেছে রাজ্য। এর জেরে অবসাদগ্রস্ত হয়ে হৃদরোগে অকালে প্রাণ হারিয়েছেন বীরভূমের শিক্ষক গিয়াসুদ্দিন শেখ। এমনই অভিযোগ তাঁর পরিবারের। গত ৭ অক্টোবর  তাঁর অকাল প্রয়াণের শোক সহ্য করতে না পেরে গতকাল তাঁর পিতাও শেষ নিশ্বাস ফেলেছেন বলে পরিবারের দাবি। মাত্র চার দিনের ব্যবধানে এমন হৃদয় বিদারক ঘটনায় শোকার্ত  এলাকার মানুষজনও। আজ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির বীরভূম জেলা সম্পাদক ফরিদা ইয়াসমিন-সহ কয়েকজন শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন। অকাল মৃত শিক্ষক গিয়াসউদ্দিন মুর্শিদাবাদের নবগ্রাম দক্ষিণ চক্রের বরকতপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০১০ সালে তিনি শিক্ষক তার চাকরি পান। পরিবারের অভিযোগ, নন টেট শিক্ষকদের দু বছরের মধ্যে টেট দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে, শীর্ষ আদালতের এই নির্দেশ নিয়ে অবসাদ ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। প্রাণ হারান হৃদরোগে।

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা এই সব খবর দিয়ে জানান, মহারাষ্ট্র, তামিলনাড়ু, রাজস্থানের মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালত এই রায় দিলেও এখানে রাজ্য সরকার তড়িঘড়ি তা কার্যকর করতে শিক্ষকদের বায়োডাটা সংগ্রহে নামে।

এতে গিয়াসউদ্দিন এর মত বহু শিক্ষকই দিশাহারা। রাজ্য সরকার শীর্ষ আদালতে এই রায়ের রিভিউ পিটিশন না করে তাঁদের বায়োডাটা সংগ্রহে নামায় ক্ষুব্ধ আনন্দ হাণ্ডা অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। তিনি অকাল প্রয়াত শিক্ষকের পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও দ্রুত তাঁর স্ত্রীকে চাকরি দেওয়ার দাবিও জানান।

নন টেট নিয়ে একাধিক শিক্ষক সংগঠন এর প্রতিবাদে রাজ্য শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করবে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*