রোজদিন ডেস্ক : দেশজোড়া দেওয়ালি, কালীপুজো আসার আগেই ইতিউতি শব্দবাজির তাণ্ডব শুরু হয়েছে রাজ্যে। এরপরই আসছে ছট পুজো। দেদার শব্দবাজির তান্ডবের আশংকায় এখন থেকেই উদ্বিগ্ন পরিবেশবিদ, পরিবেশ কর্মীরা। দেদার শব্দবাজির তাণ্ডবের হাত থেকে জন জীবন, অবলা জীবদের রক্ষা করতে সচেতনতা প্রচারে পথে নেমেছেন সবুজ মঞ্চের কর্মী, সমর্থকেরা। শব্দবাজি নিয়ে আদালতের রায়কে হাতিয়ার করে শুরু করেছেন লিফলেট বিলিও। ১৯৯৬ সালে প্রয়াত প্রাক্তন বিচারপতি ভগবতী প্রসাদ ব্যানার্জির ঐতিহাসিক রায়কে সামনে রেখে প্রচার অভিযানে নেমেছেন তাঁরা। সবুজ মঞ্চের আক্ষেপ, শব্দদূষণ রক্ষায় এক সময় সারা দেশের মডেল হয়ে উঠেছিল এই রাজ্য। এখন শব্দদূষণে দেশের প্রথম সারিতে চলে এসেছে!! এই হল এগিয়ে বাংলা!!
শুধু শব্দদূষণই না, পরিবেশ রক্ষা, জলাশয়, জলাভুমি রক্ষা ইত্যাদি নিয়েও লাগাতার প্রচার করেন তাঁরা।
রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পুলিশ প্রশাসনকে তাঁদের আর্জি, আইন মেনে উৎসব পালন হোক। কোনভাবেই তা যেন অপরের সমস্যার কারণ না হয়।
তাঁদের মুল দাবি, না শোনার অধিকার সবার আছে। সেই অধিকারের যথাযথ প্রয়োগের দাবিতে পথে নেমেছেন তাঁরা। আমজনতাকে সচেতন করাই তাঁদের প্রধান লক্ষ্য।

Be the first to comment