চলবে মেরামতির কাজ, চারদিন বন্ধ শিলিগুড়ি-সিকিম ১০ নং জাতীয় সড়ক, সমস্যায় সিকিমবাসী

Spread the love

রোজদিন ডেস্ক : ১৩ থেকে ১৬ অক্টোবর, এই চারদিন বন্ধ থাকবে শিলিগুড়ি-সিকিম ১০ নং জাতীয় সড়ক। ৪ অক্টোবর শনিবারের ভয়াবহ বৃষ্টি ও ধসে বিধ্বস্ত দার্জিলিং-কালিম্পং ও সিকিম। ধস নেমেছে শিলিগুড়ি-সিকিম ১০ নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ এলাকায়। সেই  সড়ক মেরামতির জন্য চারদিন রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবল বর্ষণের জেরে ২৯ মাইল থেকে গেলখোলা পর্যন্ত একাধিক জায়গায় ১০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়। এই চারদিন জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ অক্টোবর দুপুর ১টা থেকে ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সেবক থেকে রংপো পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কে সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। ফলে প্রবল দুর্ভোগের আশঙ্কায় সিকিমবাসী। যদিও পর্যটকদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করছে কালিম্পং জেলা প্রশাসন। পাহাড়ে ভারী বৃষ্টিতে মাঝেমধ্যেই রাস্তাতে ধস নামে। এবারের বর্ষায় ধস নামার ঘটনা অনেকটাই বেড়েছে বলে খবর। গত বৃহস্পতিবারের বিপর্যয়ে জাতীয় সড়কের একাধিক জায়গা ধসের কবলে চলে গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*