নদিয়ার কৃষ্ণনগরে এসে পৌঁছাল অসম থেকে পাঠানো NRC নোটিশ

Spread the love

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পুজোর পর যখন রাজ্যজুড়ে SIR নিয়ে উত্তেজনা চরমে, ঠিক তখনই নদিয়ার কৃষ্ণনগরে এসে পৌঁছাল অসম থেকে পাঠানো NRC নোটিশ। ফলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের ধুবুলিয়া থানার সোনাডাঙা মাঝেরপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার দুই বাসিন্দা — সঞ্জু শেখ ও আরশাদ শেখ — গত ৩ অক্টোবর একটি অসমীয়া ভাষায় লেখা নোটিশ পান। পরিবারের সদস্যরা চিঠির ভাষা না বুঝে স্থানীয় জনপ্রতিনিধিদের দেখান। পরে জানা যায়, এটি অসম সরকারের পাঠানো NRC সংক্রান্ত নোটিশ।
প্রশ্ন উঠছে—যাঁরা বছর পনেরো আগে কাজের খোঁজে অল্প কিছুদিনের জন্য অসমে গিয়েছিলেন, তাঁদের নাম কীভাবে সেই রাজ্যের ভোটার বা নাগরিক হিসেবে চিহ্নিত হল? পরিবার ও প্রতিবেশীদের দাবি, সঞ্জু ও আরশাদ দু’জনেই বহু বছর আগেই অসম থেকে ফিরে এসেছেন এবং আর কখনও সেখানে যাননি। তবুও তাঁদের নামে NRC নোটিশ আসায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে।
উল্লেখ্য, এর আগেও অসম সরকার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এভাবে NRC নোটিশ পাঠিয়েছিল। কোচবিহারের মাথাভাঙা, আলিপুরদুয়ার ও ফালাকাটার কয়েকজন বাসিন্দার কাছেও অনুরূপ নোটিশ পৌঁছেছিল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার স্পষ্ট করে বলেছেন, রাজ্যে NRC কার্যকর করা হবে না। তবুও অসম থেকে এভাবে বারবার নোটিশ পাঠানোয় প্রশাসনিক মহলেও প্রশ্ন উঠছে—এই চিঠিগুলি কাদের উদ্দেশ্যে, এবং কীভাবে রাজ্যের সাধারণ নাগরিকদের নাম অসমের তালিকায় যুক্ত হচ্ছে?
এ নিয়ে এখন ধুবুলিয়া থেকে কৃষ্ণনগর পর্যন্ত চাঞ্চল্যের আবহ, আতঙ্কে দিন কাটাচ্ছেন সঞ্জু ও আরশাদের পরিবার। তাঁদের একটাই প্রশ্ন—“আমরা যদি বাংলারই বাসিন্দা হই, তাহলে অসমের NRC তে আমাদের নাম কেন?”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*