কোচবিহারের স্থায়ী বাসিন্দাকে NRC নোটিশ, ‘বাংলা চুপ করে থাকবেনা’ হুঙ্কার জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– ফের বাংলায় জাতীয় নাগরিক পঞ্জি (NRC) নিয়ে আতঙ্ক। আসাম সরকারের পক্ষ থেকে এনআরসি সংক্রান্ত একটি ‘অবৈধ অনুপ্রবেশকারী’ তকমার নোটিশ পাঠানো হয়েছে কোচবিহারের দিনহাটার এক স্থায়ী বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে। অভিযোগ, তিনি নাকি ১৯৬৬ থেকে ১৯৭১ সালের মধ্যে অসম সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অথচ তিনি বলেন, তিনি জন্ম থেকে দিনহাটার চৌধুরীহাটেই বসবাস করছেন এবং কোনও দিনও কোচবিহারের বাইরে যাননি।

এবার সেই নিয়ে সরব হলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি হতবাক ও অত্যন্ত বিচলিত হয়েছি জেনে যে, কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইবুনাল, এনআরসি নোটিশ জারি করেছে। গত ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। তাঁর বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও, তাঁকে “বিদেশি/অবৈধ অনুপ্রবেশকারী” সন্দেহে হয়রানি করা হচ্ছে।”

তিনি আরোও বলেন, “এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এটিই প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্বপরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী এবং এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মত স্পষ্ট করে দিচ্ছে যে, গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি।”

মুখ্যমন্ত্রী লেখেন, “এই উদ্বেগজনক পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে, বাংলা চুপ করে থাকবে না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*