রোজদিন ডেস্ক : তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরাত জাহান আজ সল্ট লেকের ইডি দফতরে যান। তাঁর সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। নুসরাতের আসার খবর পেয়ে আগে থেকেই প্রচার মাধ্যমের প্রতিনিধিরা সেখানে ছিলেন। প্রাক্তন সাংসদকে দেখে তাঁর কাছে চলেও যান। কিন্তু নুসরাত কোন কথা বলেননি। গাড়ি থেকে নেমে সোজা ইডি দফতরে চলে যান। সূত্রের খবর, রাজারহাট এলাকায় তাঁর বিরুদ্ধে ওঠা ফ্ল্যাট প্রতারণার মামলায় ইডি তলব করেছে৷ বহুদিন আগেও এই মামলায় তাঁকে ডাকা হয়েছিল।
এবার নুসরাত জাহান দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে চেয়েছিলেন। তবে আজ তাঁকে কলকাতার ইডি দফতরেই আসতে হয়। রেশনের পণ্য বাংলাদেশে পাচার নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে আগে শোনা গেছিল। এখন জানা যায়, ফ্ল্যাট প্রতারণার অভিযোগ নিয়ে তিনি তলব পেয়েছেন। বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা এই অভিযোগ আনেন। ৪০০-র বেশি প্রবীণ নাগরিকদের এক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেওয়ার নামে তাঁদের সবার কাছে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে নেয় একটি সংস্থা। কিন্তু কিছুই দেয়নি।।অভিযোগ, নুসরাত জাহান তখন ওই সংস্থার অধিকর্তা ছিলেন। যদিও প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন।

Be the first to comment