রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত ওড়িশায় চাকরি বিক্রির অভিযোগে সরগরম ওই রাজ্য। পুলিশের সাব ইন্সপেক্টর ( এস আই) পদে নিয়োগ নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগে তোলপাড় মোহন চরণ মাঝির প্রশাসন ও পুলিশ মহল। সূত্রের খবর, পুলিশের এস আই পদে ৩০০টি চাকরি বিক্রির চেষ্টা হয়। এর জন্য নকল অ্যাডমিট কার্ড তৈরি করে পরীক্ষার্থীদের একাংশের পরীক্ষার জায়গা বদলে দেওয়া হয়। এমন জায়গায় তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়, যেখানে কারচুপির ঢালাও সুযোগ আছে। এর জন্য পরীক্ষার্থীদের কাছে টাকা নিয়ে ভূয়ো অ্যাডমিট কার্ড দিত দুষ্কৃতিরা। এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ১১৪ জন পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ওড়িশা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরিচালনায় এই পরীক্ষা নেওয়া হয়। কি করে এখানে এত বড় মাপের দুর্নীতি হোল, কারা এর সঙ্গে যুক্ত ইত্যাদি খতিয়ে দেখছে ওড়িশার গোয়েন্দা দফতর। প্রকাশ, একটি নির্দিষ্ট বাসে করে ১১৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে পুলিশ। তবে ট্রেনে করে আরও ১৮৬ জন পরীক্ষা দিতে যাচ্ছিলেন, তাঁদের এখন ও নাগাল পায়নি পুলিশ।
এই দুর্নীতির সঙ্গে যুক্ত অভিযোগে শংকর প্রুস্টিকে খুঁজছে পুলিশ। কিন্তু তিনি বেপাত্তা। নেপাল হয়ে দুবাই এ পালিয়েছেন তিনি। সেখান থেকে আগাম জামিনের আবেদন ও করেছেন। যা নিয়ে বিস্মিত স্থানীয় পুলিশ ও প্রশাসন। কিভাবে এই চাকরি বিক্রির চেষ্টা হয়, ধৃত পরীক্ষার্থীদের জেরা করে তা জানতে চাইছে পুলিশ।
প্রসঙ্গত, এই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় এখনও চলছে। এবার বিজেপি শাসিত ওড়িশায় পুলিশের চাকরি বিক্রির অভিযোগ নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির।

Be the first to comment