ওড়িশায় যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মহানদীতে পড়ে বড়সড় দুর্ঘটনা। মঙ্গলবার রাতের এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।আহত কমপক্ষে ৪০। ওড়িশার তালচেরের কাছে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, তালচের থেকে কটক যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারায়।৬০ জনকে নিয়ে কটক যাচ্ছিল বাসটি।দুর্ঘটনায় এর মধ্যে ৪০ জনই আহত, ৩ মহিলা সহ মৃত ১২। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা যাচ্ছে, তালচেরের জগৎপুরের কাছে মহানদী সেতুতে বাসটি নিয়ন্ত্রণ হারায়।সেতুর উপর দাঁড়িয়ে থাকা একটি ষাঁড়কে বাঁচাতে গিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা মারে।নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে গিয়ে পড়ে।নদীর চড়ে পড়ায় অনেক মৃত্যু ঠেকানো গিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
দুর্ঘটনার অনেক সময় পর উদ্ধারকাজ শুরু হয়। কারণ, বাসটি উল্টে যে জায়গায় পড়েছিল সেখানে কোনও বসতি ছিল না। দমকল কর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করে। প্রায় ৪০ জন দমকল কর্মী উদ্ধারে নামেন। বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধারের পরও নদীতে টহল দেন।বুধবার ভোর পর্যন্ত চলেছে উদ্ধারকাজ।আহত ৪০ জন এসসিবি মেডিক্যাল কলেজে ভর্তি।আহতদের হাসপাতালে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।আহতদের বিনা মূল্যে চিকিৎসার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।

Be the first to comment