রোজদিন ডেস্ক, কলকাতা:- ইরান-ইজ়রায়েল উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। ফলে চিন্তা বাড়ছিল ইরানে থাকা মানুষদের পরিবারে। সেই কারণে ইরান থেকে পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার জন্য বিশেষ পদক্ষেপ করে ভারত। এই পরিস্থিতিতে বুধবার ভারত শুরু করল ‘অপারেশন সিন্ধু’। এই অপারেশনেই বিশেষ ফ্লাইটে নিয়ে আসা হয়েছে ছাত্রদের।
ইরান থেকে গতকাল ফিরেছেন ১১০ জন ভারতীয় পড়ুয়া। ফলে স্বস্তি ফিরে এসেছে ওই পড়ুয়াদের পরিবারে। তবে দেশে ফিরলেও চোখের সামনে দেখা সেখানকার ভয়াবহ অভিজ্ঞতার কথা ভুলতে পারছেন না তাঁরা।
সূত্রের খবর, যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে নিয়ে একটি বিশেষ বিমান নিরাপদে দিল্লিতে এসেছে। বৃহস্পতিবার ভোররাতেই আসে ওই বিশেষ ফ্লাইট। যারা ফিরে এসেছে তাঁদের মধ্যে ৯০ জন জম্মু ও কাশ্মীরের পড়ুয়া বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল রাতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছিলেন, ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ভারত ‘অপারেশন সিন্ধু’ চালু করেছে। গত মঙ্গলবার ইরান এবং আর্মেনিয়ায় ওই মিশনের তত্ত্বাবধানে উত্তর ইরান থেকে ১১০ জন পড়ুয়াকে আর্মেনিয়ায় স্থানান্তরিত করা হয়। তাঁরা একটি বিশেষ বিমানে ইয়েরেভান থেকে রওনা দিয়েছিলেন।

Be the first to comment