প্রিসাইডিং অফিসার বলুন আর যাই বলুন এরা তৃণমূলের ক্যাডার; অভিযোগ কালীগঞ্জের বিজেপি প্রার্থীর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কালীগঞ্জ উপনির্বাচনে দেবগ্রামের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠের ৫৪ নম্বর বুথে বিজেপি প্রার্থী আশিস ঘোষকে আটকাল কেন্দ্রীয় বাহিনী। প্রিসাইডিং অফিসারকে তৃণমূলের ক্যাডার বলে কটাক্ষ করে বিজেপি এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী।

সকাল থেকেই অভিযোগ আসছিল বিভিন্ন বুথ থেকে। কোথাও বিরোধী এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ। কোথাও শাসকদল বিরোধী দলের এজেন্টকে জোর করে তুলে দিচ্ছে, এমন অভিযোগও উঠেছে। এছাড়াও ইভিএম মেশিনে সমস্যার অভিযোগও শোনা গিয়েছে। এর পাশাপাশি দেবগ্রামের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠের ৫৪ নম্বর বুথেও অভিযোগ উঠেছিল যে, বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি খতিয়ে দেখতে বুথে যান কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। সঙ্গে ছিলেন এক এজেন্ট। বুথে ঢুকতে গেলে প্রথমে বাধার মুখে পড়েন কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর। এরপরই প্রিসাইডিং অফিসারের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী এবং তাঁর সঙ্গে থাকা এজেন্ট।

সরাসরি প্রিসাইডিং অফিসারকে তৃণমূলের হয়ে কাজ করছেন বলে কটাক্ষ করা হয়। পাল্টা জবাবে প্রিসাইডিং অফিসার জানান, তিনি তাঁর ডিউটি করছেন। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি প্রার্থী আশিস ঘোষ অভিযোগ করে বলেছেন, ‘প্রিসাইডিং অফিসার বলুন আর যাই বলুন, এরা তৃণমূলের ক্যাডার। তৃণমূলের নির্দেশে কাজ করছে। আমরা এটা নির্বাচন কমিশনকে জানিয়েছি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*