জলবন্দি কলকাতা, বিরোধীদের নিশানায় রাজ্য, টাকা কোথায় গেল? প্রশ্ন সুকান্তর

Spread the love

রোজদিন ডেস্ক : জলবন্দি কলকাতার বিপর্যস্ত পরিস্থিতি নিয়ে বিরোধীদের একের পর এক তোপে পর্যুদস্ত রাজ্য সরকার। মুল নিশানায় অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এর মধ্যে নিকাশি ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, কলকাতার নিকাশির জন্য কোটি কোটি টাকা পেয়েছে রাজ্য। কেন্দ্রীয় সরকার, এডিবি থেকেও প্রচুর ঋণ নিয়েছে। এত টাকা কোথায় গেল বলে তিনি প্রশ্ন তোলেন।

কংগ্রেস নেতা অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীকে “উদ্বোধন মন্ত্রী” বলে তীব্র কটাক্ষে বিঁধেছেন।

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য,  বাম আমলে প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে বন্যা হলে বর্তমান মুখ্যমন্ত্রী “ম্যান মেড” বলতেন, এখন কি তবে “উয়োম্যান মেড” বলা যাবে?

একদিকে যখন রেকর্ড বৃষ্টির জেরে আমজনতারর দুর্ভোগ চরমে, তখন রাজনৈতিক নেতাদের তরজায় উত্তপ্ত বৃষ্টি ভেজা শহর।

সুকান্ত মজুমদার এর অভিযোগ : কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আজ বলেন, ২০১১ থেকে কলকাতার নিকাশির জন্য হাজার কোটি টাকা খরচ হয়েছে। ২০১৮-য় এডিবি-র ঋণ বাবদ ১০০ মিলিয়ন ডলার, ২০২০-তে কেন্দ্রীয় বরাদ্দ ৫০০ কোটি টাকা, চলতি বছর ফের এডিবি-র ২০০ মিলিয়ন ডলার এর আশ্বাস, এই ছাড়া প্রতি বছর রাজ্য সরকার,  কলকাতা পুরসভার কোটি কোটি টাকা খরচ, এত টাকা তবে কোথায় গেল, তিনি জানতে চান।

কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, আবহাওয়া দফতর বৃষ্টি হবে জানানোর পর ও কেন কোন ব্যবস্থা নেওয়া হোল না!! মুখ্যমন্ত্রী শুধু পুজো উদ্বোধনই করছেন!!  রাজ্যে কোন বিপদ, দুর্যোগ হলেই অন্যর ওপর দোষ চাপানোই ওঁর কাজ বলে মন্তব্য করেন।

কলকাতার এই দুর্যোগে তাঁরা দলের সবাইকে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বলেছেন, সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই কথা জানিয়ে বলেন, এই বিষয়ে রেড ভলান্টিয়ারদের বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*