রোজদিন ডেস্ক : শেয়ার বাজার থেকে সফলভাবে তহবিল সংগ্রহের স্বীকৃতির পুরস্কার। সম্প্রতি রাজ্য সরকার এরকম ১৯টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাকে (MSME) সম্মানিত করল। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও টেক্সটাইল দফতরের সচিব রাজেশ পান্ডে জানান, এই সংস্থাগুলি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই-এর মাধ্যমে পুঁজি সংগ্রহে সক্ষম হয়েছে। তাঁর দফতর তাদের প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। তিনি আরও জানান, ২০২৩ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে এনএসই ও রাজ্য ক্ষুদ্র শিল্প দফতরের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই উদ্যোগের ফলেই সংস্থাগুলি শেয়ার বাজারে নথিভুক্ত হয়ে বড় বিনিয়োগকারীদের সামনে নিজেদের ব্যবসা তুলে ধরতে পারছে।
এনএসই-র ইমার্জ প্ল্যাটফর্মের মাধ্যমে তারা প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণে অগ্রসর হতে পারবে। এই প্রকল্পটি বিশ্বব্যাংকের রাম্প কর্মসূচির অধীনে পরিচালিত হয়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট পার্বতী মূর্তি জানান, বর্তমানে এনএসই-র এসএমই ইমার্জ প্ল্যাটফর্মে বিভিন্ন ক্ষেত্রের ৬৭৩টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। এরা মোট ২০ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে।তাদের বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ২ লক্ষ ২২ হাজার কোটি টাকা। কোভিড-পরবর্তী সময়ে তালিকাভুক্তির গতি আরও বেড়েছে। গত দু’বছরে তিনশোর বেশি কোম্পানি এই তালিকাভুক্ত হয়েছে। যা রাজ্য সরকারের সাফল্য বলেই মনে করা হচ্ছে।

Be the first to comment