রোজদিন ডেস্ক, কলকাতা:- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার)–এর প্রয়োজনীয়তা বোঝাতে এবার মাঠে নামতে চলেছে বিজেপি। এবিষয়ে বঙ্গ–বিজেপি হাতিয়ার করতে চলেছে ‘দেশভাগের যন্ত্রণা’।
বিজেপি সূত্রের খবর, প্রতিটি জেলায় সেমিনার করে গেরুয়া নেতারা ব্যাখ্যা করবেন, দেশভাগের পরে পূর্ব পাকিস্তানে থাকা হিন্দু বাঙালিদের কী দুর্ভোগ পোহাতে হয়েছিল। সেই সেমিনারগুলি থেকেই গেরুয়া নেতারা প্রশ্ন তুলবেন, যাদের জন্যে দুর্ভোগ পোহাতে হয়েছিল, তাদের ভারতের ভোটার তালিকায় নাম থাকা উচিত কি না?
বৃহস্পতিবারও শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর মতো বঙ্গ–বিজেপির শীর্ষ নেতারা দাবি করেছেন, এ রাজ্যের ভোটার তালিকা থেকে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের বাদ দিতেই হবে। তাঁদের এই দাবি যে একশো শতাংশ যুক্তিযুক্ত, ‘দেশভাগের যন্ত্রণা’র কথা স্মরণ করিয়ে সেটাই প্রতিষ্ঠা করতে চাইছে গেরুয়া শিবির।
বিজেপি নেতৃত্বের দাবি, তাঁদের পূর্বসূরীরা দেশভাগের বিরুদ্ধে ছিলেন। অখণ্ড ভারতের পক্ষেই সওয়াল করেছিলেন তাঁরা। ইতিহাসের পাতা থেকে দেশভাগের সেই অধ্যায় টেনে গত বছরও ১৪ আগস্ট ‘দেশভাগের যন্ত্রণা’র কথা স্মরণ করানোর চেষ্টা করেছিলেন গেরুয়া ব্রিগেডের নেতা–নেত্রীরা। এ বছর এই কর্মসূচির বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করছেন বিজেপির অনেকে।

Be the first to comment