দেশের ৩৬ জায়গায় ৪০০টি তুরস্কের ড্রোন দিয়ে হামলা চালায় পাকিস্তান, প্রত্যাঘাতে সংযম দেখিয়েছে ভারত, জানাল বিদেশমন্ত্রক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবার মধ্যরাতে বহু বার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল পাকিস্তান। অন্তত ৩০০-৪০০ বার নানা ভাবে সেই চেষ্টা চালানো হয়। ভারতের ৩৬ জায়গায় হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনা প্রতি বারই পাকিস্তানের চেষ্টা ব্যর্থ করেছে বলে শুক্রবার সাংবাদিক বৈঠকে দাবি করল ভারতের বিদেশ মন্ত্রক এবং ভারতীয় সেনা।
পাশাপাশি, বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, তুরস্কের ড্রোন দিয়ে হামলা চালায় পাকিস্তান, প্রত্যাঘাতে সংযম দেখিয়েছে ভারত।
সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি বলেন, ‘‘পাকিস্তান বৃহস্পতিবার রাতে ভারতে সেনাছাউনিকে নিশানা করার চেষ্টা করেছিল। ভারতের আকাশসীমা লঙ্ঘন করা চেষ্টা করেছে তারা। শুধু তা-ই নয়, নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গোলাবর্ষণও করেছে পাকিস্তান সেনা। ভারতের ৩৬ জায়গায় অন্তত ৩০০ থেকে ৪০০ বার ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। ভারতীয় সেনা সেই হামলা প্রতিহত করেছে। বেশ কয়েকটি ড্রোনকে নামিয়েছে তারা।’’ কেন পাক ড্রোন ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা করছিল, তার ব্যাখ্যাও দেন কুরেশি। তিনি জানান, গোপনে নানা তথ্য সংগ্রহ করার উদ্দেশে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল পাকিস্তান। যে ড্রোনগুলি নামানো হয়েছে, সেই ড্রোনগুলির ফরেন্সিক পরীক্ষাও করা হচ্ছে বলে জানানো হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ড্রোনগুলি তুরস্কের। শুধু ড্রোন নয়, পাকিস্তান যুদ্ধবিমানও ভাটিন্ডার সেনাছাউনিতে হামলা করার চেষ্টা করে। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়। এই হামলার পাল্টা জবাব দিয়েছে ভারত। ভারতীয় সেনা পাকিস্তানের চারটি বিমানঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা করে।
ভারতের অভিযোগ, ৭ মে ব্যর্থ ড্রোন হামলার পরেও পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করেনি। পাকিস্তান তাদের বেসামরিক বিমানকে ঢাল করার চেষ্টা করছে।
উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, লেহ থেকে স্যার ক্রিক লাইন পর্যন্ত অন্তত ৩৬ জায়গায় ড্রোন হামলার চেষ্টা চালায় পাকিস্তান। মনে করা হচ্ছে, এত ঘনঘন ড্রোন হামলার একটাই উদ্দেশ্য ছিল, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পরীক্ষা করা এবং নজরদারি চালানো। সশস্ত্র ইউএভি দিয়ে ভাটিন্ডার সেনাছাউনিতে হামলার চেষ্টা হয়েছিল। কিন্তু তা ভেস্তে দেয় বাহিনী। কর্নেল সোফিয়া কুরেশি জানান, “ড্রোনের ধ্বংশাবশেষের ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট বলছে, এগুলি তুরস্কের অ্যাসিসগার্ডের সোনগার।”
ভারতের অভিযোগ, পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ না রেখে অসামরিক বিমান পরিষেবার জন্য খুলে দিয়েছে। এমনকি আন্তর্জাতিক বিমানও চলাচল করছে। ভারতের অভিযোগ, অসামরিক বিমানকে ঢাল করে হামলাকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। বিদেশ সচিব বিক্রম মিসরির দাবি, মুখে ধর্মীয়স্থানে হামলা না করার কথা বললেও পাকিস্তান পুঞ্চের এক গুরুদ্বারে হামলার চেষ্টা চালিয়েছে। পাকিস্তান বিশ্বকে পরিস্থিতির ভুল ব্যাখ্যা করছে বলেও জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*