যুদ্ধ আবহে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরিকালীন ক্ষমতা প্রয়োগের নির্দেশ পাঠাল কেন্দ্র

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সীমান্তে উত্তাপ বাড়ছে। মাঝেমধ্যেই সীমান্তর ওপাশ থেকে উড়ে আসছে গুলি-ড্রোন-মিসাইল। ভারত-পাকিস্তান, দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাত চলছে। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যসচিব ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের বিশেষ ক্ষমতা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রয়োজনে তাঁরা জরুরি ক্ষমতা ব্যবহার করতে পারবে। শুক্রবার চিঠি দিয়ে জানিয়ে দিল অমিত শাহের মন্ত্রক।
চিঠিতে বলা হয়েছে, ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ নম্বর ধারা অনুযায়ী প্রদত্ত জরুরি অবস্থার ক্ষমতা বলবৎ করতে পারেন রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকরা। যার সাহায্যে যুদ্ধের মতো জরুরি পরিস্থিতিতে জনগণ, সরকারি সম্পত্তি রক্ষা এবং বিদ্যুৎ, জল ও পরিবহণের মতো প্রয়োজনীয় পরিষেবা চালু রাখার জন্য দ্রুত পদক্ষেপ করতে পারে। কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকার প্রয়োজন নেই। অযথা লালফিতের জটে আটকাবে না সময়োপযোগী সিদ্ধান্ত।
সিভিল ডিফেন্স রুলসের ১১ ধারা অনুযায়ী যা করতে পারে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রথমত, জনগণ এবং সম্পত্তি রক্ষায় প্রয়োজনমতো জরুরি পদক্ষেপ করতে পারে রাজ্য। দ্বিতীয়ত, জরুরি পরিস্থিতিতে যাতে জল, বিদ্যুৎ, হাসপাতাল পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা অচল না হয়ে পড়ে, তার জন্য যে কোনও পদক্ষেপ করতে পারে রাজ্য। তৃতীয়ত, অসামরিক প্রতিরক্ষার জন্য যদি কোনও সরঞ্জাম কেনার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এমন নিয়ম যা গোটা বিষয়টিকে দেরি করে, তা মানার প্রয়োজন নেই। এইরকম পরিস্থিতিতে কোনও অঘটন ঘটলে রাজ্যগুলি যাতে দ্রুত এবং সুষ্ঠু সিদ্ধান্ত নিতে পারে, তা নিশ্চিত করতে এই ক্ষমতা দিয়েছে কেন্দ্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*