রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন আগেই। এবার আরজি কর-কাণ্ডের নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা দেখা করলেন আরএসএস প্রধান মোহন ভগবতের সঙ্গে। বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের জন্য টানা ১০ দিন রাজ্যে থাকবেন সঙ্ঘ প্রধান মোহন ভগবত। তার মাঝেই ভগবতের সঙ্গে দেখা করলেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।
শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিউটাউনের অতিথি নিবাসে মোহন ভগবতের সঙ্গে দেখা করেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় বলে খবর। সূত্র মারফত জানা গিয়েছে, সঠিক তদন্ত করে যাতে তাঁদের মৃত কন্যা ন্যায়বিচার পায় সেই আশায় এদিন মোহন ভগবতের দ্বারস্থ হয়েছিলেন তরুণী চিকিৎসকের বাবা-মা। এই মামলায় যাতে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে, সেই বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
প্রতিবারের মতো এবারেও প্রবাস কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যে এসেছেন সঙ্ঘ চালক মোহন রাও ভগবত। তবে অন্যান্য বারের তুলনায় এবার বেশিদিন থাকবেন তিনি রাজ্যে। এক টানা ১০ দিন তিনি রাজ্যে থাকবেন বলে জানা গিয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার নিউটাউনে থাকবেন। এরপর যাবেন বর্ধমানে। আগামী ১৬ ফেব্রুয়ারি বর্ধমানে প্রকাশ্য সভা রয়েছে সংঘ প্রধানের।
শুক্রবার রাতেই নির্যাতিতার বাবা-মা সঙ্ঘ কার্যালয়ে যোগাযোগ করে মোহন ভগবতের সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেন। শনিবার সকালেই তাঁরা দেখা করেন সঙ্ঘ প্রধানের সঙ্গে। এর আগে আরজি করের ঘটনায় সরব হয়েছিলেন মোহন ভগবত। বাংলায় সঙ্ঘ পরিবারের সদস্যদের বার্তা দিয়েছিলেন, নির্যাতিতার পরিবারকে সবরকম সহযোগিতা করার ৷
মোহন ভাগবত সঙ্ঘের সদস্যদের জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। পুরো বিষয়টির উপরে নজর রাখার পাশাপাশি আইনি পদক্ষেপের ব্যপারে পরিবারকে সবরকমের সাহায্য এবং পরামর্শ দেওয়া কথাও বলেছিলেন ভগবত। আজকের সাক্ষাতের পরও তরুণী চিকিৎসকের পরিবারকে সবরকম সাহায্য হাত বাড়িয়ে দেবে সঙ্ঘ পরিবার, এই আশ্বাস দেন মোহন ভগবত।

Be the first to comment