রোজদিন ডেস্ক :
ঘড়িতে তখন দুপুর ২টো বেজে ২০ মিনিট। ই এম বাইপাসের নামী বেসরকারি হাসপাতালের বাইরে তখন একঝাঁক অনুগামী উৎকন্ঠার সঙ্গে তাঁর জন্য অপেক্ষা করছেন। হুইল চেয়ারে তিনি বাইরে এলেন। পরণে সাদা নীল ফুল ছাপ হাফ হাতা পাঞ্জাবি, মুখে নীল মাস্ক। বাইরে রোদ ঝলমল দিন দেখে তাঁর মুখেও ম্লান হাসি ফুটে উঠলো।
তিনি টিএমসি-র একদা দোর্দণ্ড প্রতাপ মন্ত্রী, দলের প্রাক্তন মহা সচিব পার্থ চ্যাটার্জি। ২০২২সালের ২৩ জুলাই নাকতলার ” বিজয়কেতন ” ভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
মাঝে কেটে গেছে প্রায় সাড়ে তিনটি বছর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তাঁর জামিনের জন্য বারবার আবেদন করেও সাড়া মেলেনি।
সিবিআই তাঁকেই এই মহা দুর্নীতির মাস্টার মাইন্ড তকমা দিয়েছে। তিনি ছাড়া এই রাজ্য-সহ দেশব্যাপী তোলপাড় তোলা কোটি কোটি টাকা র এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা দফতরের একের পর এক পদস্থ আধিকারিক, কর্মী গ্রেফতার হয়েছেন। তাঁদের অনেকে এখন জামিনে মুক্ত। অনেকে কারান্তরালে মুক্তির আশায় দিন কাটাচ্ছেন।
দল পার্থ চ্যাটার্জি কে আগে শুধু সাসপেন্ডই করেনি, তাঁর ঘনিষ্ঠ হিসাবে পরিচিতরা তাঁর সঙ্গে দূরত্ব রেখে চলেছেন। এমন কি তাঁর এই জামিনে কারামুক্তি নিয়েও মুখে কুলুপ একদা তাঁর ঘনিষ্ঠ সহকর্মীদের।
তবু আজ বেশ কিছু অনুগামী তাঁকে হাসপাতালে নিতে এসেছেন দেখে কারাক্লান্ত প্রাক্তন মন্ত্রীর চোখ ছলছল করে উঠেছে। চোখের জল সামলাতে পারেন নি।
অপেক্ষারত প্রচার মাধ্যমকে অবশ্য কিছু বলতে চান নি। জানিয়ে দেন, তিনি কিছু বলবেন না।
নামী বেসরকারি হাসপাতালের বাইরে ই তাঁকে নিতে আসা গাড়ি দাঁড়িয়ে ছিল। বাইকে চড়ে এসেছিলেন বহ অনুগামী।
গাড়িতে চালকের পাশে বসে হাত জোড় করে নমস্কার করতে দেখা যায় তাঁকে।
মন্ত্রিত্ব গেলেও এখন ও বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ বাবু। দীর্ঘদিন পর নিজের বাড়ি, পুরানো, পরিচিত পাড়ায় ফিরলেন তিনি। গতকাল অবধি তাঁর ফেরা নিয়ে সেখানে কোন সাড়া শব্দ ছিল না। পাড়া প্রতিবেশীরাও চুপচাপই ছিলেন।
আজ তাঁকে নিতে আসা অনুগামীদের জিন্দাবাদ ধ্বনিতে কিছুটা সরগরম হয় এলাকা।
শুধু নিয়োগ দুর্নীতিই না, তাঁর যুবতী বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা, বহুমূল্য গয়না, তাঁর বর্ণময় জীবন ইত্যাদি নিয়ে কার্যত অবাক হয়েছিলেন আমজনতাও।
এখন তিনি কি করেন, সক্রিয় রাজনীতিতে ফিরছেন কিনা এই সব নিয়ে চর্চা জল্পনা চলছে।

Be the first to comment