রোজদিন ডেস্ক : দিল্লি বিস্ফোরণের রেশ না কাটতেই আজ দুপুরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালত ভবনের সংলগ্ন এলাকা প্রচন্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। সেখানেও আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ গেল বারো জনের। আহতর সংখ্যা ২৭ জন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, আজ দুপুর পৌনে একটা নাগাদ এই বিস্ফোরণ হয়। এটি আত্মঘাতী বিস্ফোরণ বলে তিনি জানান।
সূত্রের খবর, নিহত ও আহত রা আইনজীবি বলে মনে করা হচ্ছে। দিনের ব্যস্ত সময়ে পার্কিং করা একটি গাড়িতে এই বিস্ফোরণে জনবহুল ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দেয়। ছয় কিমি দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা যায়। পুরো এলাকায় ধোঁয়া, আগুনের শিখায় মানুষ দিশাহারা হয়ে পড়েন।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ এই বিস্ফোরণের জন্য আফগানিস্তানকে দায়ী করেছেন। শুধু বালোচিস্থান সীমান্ত নয়, পুরো দেশই কার্যত বারুদের স্তুপের ওপর বলে প্রশাসন মনে করে।
আমজনতাকে নিরাপদে রাখতে পাকিস্তানের সেনা প্রতিদিন ত্যাগ করছে বলে প্রতিরক্ষা মন্ত্রী জানান।
পাকিস্তানের রাষ্ট্র পতি আসিফ আলি জারদারি এই বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি নিহতদের পরিবারকে গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন।
উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে অবনতি হয়েছে। মার্কিন রাষ্ট্রপতির হুমকিতে উভয় পক্ষে আপাতত যুদ্ধ বিরতি হলে ও বিক্ষিপ্ত আক্রমণ, পালটা আক্রমন লেগেই আছে।

Be the first to comment