রোজদিন ডেস্ক : সপ্তম বেতন কমিশনের সুপারিশ চূড়ান্ত করার প্রস্তুতিতে আরও একধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। এবার সরকার-পোষিত বেসরকারি মাদ্রাসা বা নন-গভর্নমেন্ট এইডেড মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বিস্তারিত তথ্য চেয়ে নির্দেশ জারি করল মাদ্রাসা শিক্ষা দপ্তর। নির্দিষ্ট তথ্য আগামী ২৭ নভেম্বরের মধ্যে দপ্তরে পাঠাতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের গত ৩০ সেপ্টেম্বরের নির্দেশিকার ভিত্তিতে সপ্তম বেতন কমিশনের কাজের স্বার্থে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। কমিশনের বেতন কাঠামো, কর্মীর সংখ্যা এবং অন্যান্য প্রশাসনিক বিষয় পর্যালোচনার জন্য রাজ্যের সব সরকার-পোষিত বেসরকারি মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের তথ্য একত্রিত করা হবে। এই লক্ষ্যে প্রতিটি জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই)-দের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের অধীনস্থ সমস্ত সরকার-পোষিত বেসরকারি মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের তথ্য নির্দিষ্ট এক্সেল ডেটা-শিটে সংগ্রহ করে আগামী ২৭ নভেম্বরের মধ্যে দপ্তরে জমা দিতে হবে। ওই নির্দেশে আরও বলা হয়েছে, তথ্য সংগ্রহ ও পাঠানোর কাজ যাতে নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘ্নে শেষ হয়, তার জন্য সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলাশাসক এবং জেলা সংখ্যালঘু বিষয়ক আধিকারিকদের জেলা বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে সমন্বয় রেখে পুরো প্রক্রিয়ার তদারকি করতে হবে।

Be the first to comment