রোজদিন ডেস্ক : মণিপুরে শান্তি ফেরাতে বিবদমান দুই গোষ্ঠী মেইতেই ও কুকি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং। ২০২৩ সালের ভয়ংকর হিংসাত্মক ঘটনাবলির পর বৃহস্পতিবার প্রথম তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
চুড়াচাঁদপুর ও কাংপোকপির কুকি জো আইডিপি-র সঙ্গে ভিডিও বৈঠক করেন তিনি। মেইতেই আই ডি পি দের সঙ্গে ইম্ফলের এক আইডিপি কেন্দ্রে দেখা করে কথা বলেন।
আইডিপিগুলির জন্য সরকার ৩৩ কোটি টাকা দেয়। উভয় পক্ষই গত তিন বছরে তাঁদের চূড়ান্ত কষ্টের কথা বলেন।
কাংপোকপির এক কুকি তরুণী তাঁকে কন্যার মত দেখার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে স্নাতকোত্তর পাঠক্রমে তাঁর পড়ার অসুবিধার কথা বলেন।
এক মেইতেই মহিলা ভারত – মায়ানমার সীমান্ত মোরেতে তাঁর বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।
মুখ্যমন্ত্রী খেমচাঁদ জানান,তিনি দুই সম্প্রদায়ের সম্পর্কের সেতু বন্ধন ও তাঁদের পারস্পরিক এলাকায় যেতে ভয় দূর করার চেষ্টা করছেন। তিনি তাঁদের আশ্বস্ত করে বলেন, “আপনাদের চোখের জল আমি বৃথা হতে দেবো না।” তাঁদের পারস্পরিক বিশ্বাসের অভাব তিনি দূর করবেন।
চুড়াচাঁদপুরে কুকি প্রধান এলাকায় এক ত্রাণ শিবিরে চিকিৎসার অসুবিধার কথা মুখ্যমন্ত্রী অনুভব করার কথা বলেন। স্বীকার করেন ইম্ফলেই আধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে, চিকিৎসকরা বেশির ভাগই মেইতেই সম্প্রদায়ের।
কুকিদের কেউ চিকিৎসার জন্য ইম্ফলে গেলে তাঁদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেন।

Be the first to comment