মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পথে আরও এক ধাপ এগোনোই লক্ষ্য; লন্ডনে প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বুধবার রাতে লন্ডনে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ ও ২৪ জুলাই — দু’দিনের সরকারি সফরে তিনি রয়েছেন ব্রিটেনে। লন্ডনের বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ব্রিটেনের ইন্দো-প্যাসিফিক বিষয়ক বিদেশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট, লন্ডনে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এবং নয়াদিল্লিতে ব্রিটিশ হাইকমিশনার লিন্ডি ক্যামেরন।

এই সফরে প্রধানমন্ত্রী মোদী দেখা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়র স্টারমার এবং রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন চেকার্স-এ স্টারমারের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, এই সফরের মূল আকর্ষণ হতে চলেছে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর এবং দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব মজবুত করার চেষ্টা। উল্লেখ্য, দুই দেশের শীর্ষ নেতারা বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে উদ্যোগী হবেন। এই মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ব্রিটেনে রফতানি করা ভারতের কিছু পণ্য, যেমন চামড়া, পোশাক, জুতো, গয়না, সামুদ্রিক মাছ ও খেলনার উপর থেকে শুল্ক অনেকটাই কমে যাবে। এরফলে সেসব পণ্যের দাম ব্রিটেনে সস্তা হবে। অন্যদিকে, ভারতেও ব্রিটিশ পণ্য—যেমন স্কচ, হুইস্কি, জাগুয়ার-ল্যান্ডরোভার গাড়ি, চকলেট, কসমেটিকস ও মেডিক্যাল সরঞ্জাম কম দামে আমদানি করা যাবে।