এক যুগের অবসান! প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা সভাপতি শিবু সোরেন। ৮১ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন ‘দিশোম গুরুজি’।
পরিবার সূত্রের খবর, কিডনির সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে গত এক মাস ভেন্টিলেশনে ছিলেন। সোমবার সকাল ৮টা ৫৬ মিনিটে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। তাঁর পুত্র তথা বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এক্স-এ লিখেছেন, ‘শ্রদ্ধেয় দিশোম গুরুজি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। আজ আমি শূন্য হয়ে গেলাম।’
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের নানা প্রান্তের নেতারা শোক প্রকাশ করেছেন। ঝাড়খণ্ডে ৩ দিনের রাজ্য শোক পালনের ঘোষণা করেছে সরকার। তাঁর দেহ ফিরিয়ে আনা হবে রাঁচিতে। দলীয় দফতরে রাখা হবে সর্বসাধারণের জন্য।
এক্স হ্যান্ডেলে এদিন প্রধানমন্ত্রী লিখেছেন, ‘শ্রী শিবু সোরেনজি ছিলেন এক প্রকৃত তৃণমূল স্তরের নেতা, যিনি মানুষের প্রতি অকুণ্ঠ নিষ্ঠা নিয়ে জনজীবনের বিভিন্ন ধাপ পেরিয়েছেন। তিনি জনজাতি সম্প্রদায়, দরিদ্র ও বঞ্চিত মানুষদের ক্ষমতায়নের বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। এমন নেতার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত সোরেন জির সঙ্গে কথা হল, তাঁকে সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।’

Be the first to comment