রোজদিন ডেস্ক :
বাগেশ্বর বাবার ছবি পোড়ানো নিয়ে এবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জিকে তলব করলো ভবানীপুর থানা।আজ বিকেল ৩টেয় তাঁকে ওখানে হাজিরা দিতে বলা হয়েছে। দলের অন্যতম জনপ্রিয় তরুণ নেতাকে এই ভাবে তলব করায় বিস্মিত রাজনৈতিক মহল। আজ এই ঘটনায় কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদকেও তলব করেছে ভবানীপুর থানা। যা নিয়ে চাপা উদ্বেগ ছড়িয়েছে দলের অন্দরে।
সমাজ মাধ্যমে আশুতোষ চ্যাটার্জি দৃপ্তভাবে জানিয়ে দেন, বাংলা, বাঙালিকে যাঁরা অপমান করবেন, তাঁদের সামনে তাঁরা কখনোই নত হবেন না, এই দেশ সবার জন্য।
উল্লেখ্য, অতি সম্প্রতি কলকাতায় এসে মধ্যপ্রদেশের বাগেশ্বর বাবা দুর্গা পুজোয় আমিষ খাওয়া নিয়ে রাজ্যবাসীকে ভন্ড বলেন। এর প্রতিবাদে রাজ্যে বিভিন্ন মহলে ঝড় ওঠে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে দলের নেতা কর্মীরা বিভিন্ন থানায় এফ আই আর করেন। ভবানী পুর থানার সামনে আশুতোষ চ্যাটার্জি-সহ কংগ্রেস নেতা কর্মীরা বাগেশ্বর বাবার ছবি পোড়ালে খোদ মুখ্যমন্ত্রী তাঁদের গ্রেফতার করার নির্দেশ দেন। ইতিমধ্যে অতনু দাস-কে গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল অবধি তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে এই গ্রেফতারের নির্দেশ দেওয়ায় বিভিন্ন মহলে সমালোচনা হয়। এবার আশুতোষ চ্যাটার্জি,প্রদীপ প্রসাদ কে তলব করার পর পুলিশ কি ভূমিকা নেয়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Be the first to comment