রোজদিন ডেস্ক :
গতকালই বিধানসভায় তাঁকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সকালে গ্রেফতার হয়েছেন তাঁর তিন সহযোগী। এবার এজেইউপি নেতা তথা বিধায়ক হুমায়ুন কবীর কে তলব করলো পুলিশ। তাঁর বাড়িতে এই নিয়ে নোটিশ দিয়েছে পুলিশ। রেজিনগর ও শক্তিপুর থানায় তাঁকে তলব করা হয়েছে। আগামী ৩ জুলাই ও ৪ জুলাই এই দুই থানায় তাঁকে হাজির হতে হবে।
উস্কানিমূলক বক্তব্যর অভিযোগে বিধায়ক হুমায়ুন কবীরকে তলব করলো পুলিশ, এর আগে একাধিকবার উস্কানিমূলক, সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ উঠেছে হুমায়ুন কবীরের বিরুদ্ধে। প্রাক্তন শাসক দলের বিধায়ক ছিলেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে নতুন দল গঠন করেন। নির্বাচনের আগে পরে একের পর এক উস্কানিমূলক বক্তব্য করেছেন তিনি।
গতকাল বিধানসভায় এই নিয়ে তাঁকে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পর সুর অনেকটাই নরম হয়ে যায় হুমায়ুন কবীরের।
আজ সকালেই তাঁর তিন সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে দুই থানায় তলব করা হয়। দাপুটে বিধায়কের এই পুলিশি তলব নিয়ে এলাকায় চাপা চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment