৭ লক্ষ টাকা ভর্তি হারানো ব্যাগ, ইসকনের সন্ন্যাসীকে খু্ঁজে দিল পুলিশ- পুলিশের তৎপরতায় খুশি ইসকন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– ৭ লক্ষ টাকা ভর্তি ব্যাগ হারিয়ে ফেলেছিলেন ইসকনের এক সন্ন্যাসী। রথযাত্রায় ভক্তদের দানের টাকা ছিল তাতে। অবশেষে টাকা সমেত ব্যাগ ফিরিয়ে দিল পুলিশ। রবিবার পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনা। পুলিশ সূত্রে খবর, বাইকে যাওয়ার সময়ে টাকা ভর্তি ব্যাগ রাস্তায় পড়ে যায়। বুঝতে পারেননি মধুসূদন। যখন খেয়াল হয়, মাথায় হাত। সঙ্গে সঙ্গে এগরা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। শুরু হয় তল্লাশি।

তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেই টাকার ব্যাগ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, এক বাইক আরোহী টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন। টাকার সঙ্গে চেকবুক ছিল। তাও উদ্ধার করেছে পুলিশ। প্রসঙ্গত, প্রতি বছরই ধুমধাম করে রথযাত্রা পালন করে ইসকন। এ বারও তার অন্যথা হয়নি। প্রচুর ভক্ত সমাগমও হয়েছিল। দানও করেন তাঁরা। গত ৭ জুলাই সেই দানের টাকা নিয়েই ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন ইসকনের সন্ন্যাসী মহাবীর মধুসূদন দাস। তখনই বিপত্তি বাঁধে।

পুলিশের তৎপরতায় খুশি ইসকন। সন্ন্যাসী মধুসূদন দাস বললেন, ‘টাকা হারিয়ে যাওয়ার পর থেকেই ঘুম উড়ে গিয়েছিল। পুলিশের কাছে ছুটে যাই। তাঁরা যে এমন তৎপরতার সঙ্গে কাজ করবেন, ভাবতেও পারছি না। আমরা খুব খুশি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*