প্রতিবেদন: নতুন বছরের শুরুতেই জানুয়ারিতে কলকাতায় আন্তর্জাতিক সম্মেলন। এই প্রথমবার প্রবাসী ভারতীয়দের নিয়ে অনুষ্ঠিত হতে চলা সম্মেলনের আয়োজক বাংলা। ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। সেই উপলক্ষে বুধবার দিল্লির সুষমা স্বরাজ ভবনে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতিতে সম্মেলনের সরকারি ওয়েবসাইট এবং লোগোর উদ্বোধন হল। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত কলকাতায় অনুষ্ঠিত হবে ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন। কেন্দ্রের বিদেশ মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলন এবার প্রথমবারের জন্য কলকাতায় হচ্ছে। নবান্নের খবর, সম্মেলনের সরকারি ওয়েবসাইটে সম্ভাব্য প্রতিনিধিদের নিবন্ধন, সম্মেলন সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন কর্মসূচির বিস্তারিত পাওয়া যাবে। প্রবাসী ভারতীয় দিবস কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কর্মসূচি। বিশ্বের বিভিন্ন দেশের ভারতীয় বংশোদ্ভূত নাগরিক, শিল্পপতি, বিনিয়োগকারী, শিক্ষাবিদ, পেশাদার এবং নীতিনির্ধারকেরা এই সম্মেলনে অংশ নেবেন। প্রবাসী ভারতীয়দের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং শিল্প, বাণিজ্য, বিনিয়োগ ও জ্ঞান-বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। কলকাতায় তিনদিনের এই আন্তর্জাতিক সম্মেলনকে ঘিরে কেন্দ্র ও রাজ্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।

Be the first to comment