রোজদিন ডেস্ক : রাজ্য সরকার মহার্ঘভাতা নিয়ে শীর্ষ আদালতের নির্দেশ এখনও মানেনি। অথচ নন টেট শিক্ষকদের চাকরি নিয়ে যে অনিশ্চয়তা, উদ্বেগ দেখা দিয়েছে তা নিয়ে উদাসীন। পরন্তু এই বিষয়ে তড়িঘড়ি শিক্ষক দের বায়ো ডাটা সংগ্রহ শুরু করেছে বলে শিক্ষকদের অভিযোগ। নন টেট শিক্ষকদের নিয়ে শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করার দাবিতে আগামীকাল তাঁরা বিকাশ ভবনে বিক্ষোভ দেখাবেন বলে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা জানিয়েছেন। তাঁর অভিযোগ, গত ১৬ মে শীর্ষ আদালত মহার্ঘ ভাতার ২৫% দেওয়ার যে নির্দেশ দিয়েছে, তা কার্যকর করেনি রাজ্য সরকার।।
অথচ, ১ সেপ্টেম্বর নন টেট শিক্ষকদের টেট দিয়ে যোগ্যতা প্রমাণের নির্দেশ কার্যকর করতে গত ২২ সেপ্টেম্বর থেকে তড়িঘড়ি শিক্ষকদের বায়োডাটা সংগ্রহ শুরু করেছে। আনন্দ হাণ্ডা জানান, এই সিদ্ধান্ত কার্যকর করতে গেলে কয়েক হাজার শিক্ষক চাকরি হারাবেন, বহু বিদ্যালয়ে তালা ঝুলবে। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য শীর্ষ আদালতে যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা পেশ না করায় ইতিমধ্যেই ২৬ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন। সেই প্রসঙ্গ তুলেও তীব্র ক্ষোভ ব্যক্ত করেন শ্রী হান্ডা। এই সব কিছুর প্রতিবাদেই আগামীকাল তাঁদের বিক্ষোভ কর্মসুচি। শিক্ষামন্ত্রী, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকেও তাঁরা স্মারকলিপি দেবেন।

Be the first to comment