জুবিন মৃত্যুতে ধৃতদের বিরুদ্ধে তুমুল ক্ষোভ, উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : অসমের অকালপ্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্য মৃত্যুতে ধৃতদের বিরুদ্ধে আজ তুমুল বিক্ষোভে ফেটে পড়েন অনুগামীরা। এই ঘটনায় ধৃতদের আজ বাকসায় কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হলে উত্তেজিত জনতা তাদের গাড়ি আক্রমণ করে। তারা জুবিন গর্গের মৃত্যুর বিচার চেয়ে ধ্বনি দেয়, পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করে, পাথর ছোঁড়ে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ শূন্যে গুলি ছোঁড়ে বলে জানা যায়। জনতা পুলিশের একটি গাড়িতে আগুনও লাগিয়ে দেয়। তাদের বাগে আনতে কাঁদানে গ্যাস প্রয়োগ করে পুলিশ।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনার নিন্দা করে বলেন, কিছু রাজনৈতিক দল জুবিন গর্গের অনুগামীদের উসকানি দিয়ে রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তিনি আমজনতাকে শান্ত হওয়ার আবেদন জানান। তদন্ত যাতে ঠিকমত হয় তার জন্য সহযোগিতা করতে বলেন। এই ধরনের হিংসাত্মক ঘটনায় যারা উসকানি দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন।
প্রসঙ্গত, গত মাসে সিঙ্গাপুরের সমুদ্রে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুর পর থেকেই সমস্যার শুরু। রাজ্য সরকার এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করছে।
আজ জুবিনের ম্যানেজার, সিঙ্গাপুরে গানের অনুষ্ঠানের সংগঠক৷, প্রয়াত গায়কের খুড়তুতো ভাই সহ পাঁচ জনকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত।
ধৃত পাঁচজনকে বাকসার কেন্দ্রীয় কারাগারে আনার খবর ছড়িয়ে পড়তেই জুবিন গর্গের অনুগামীরা ওখানে জড়ো হন। ধৃতদের নিয়ে পুলিশের গাড়ির কনভয় আসা মাত্র উত্তেজনা তুঙ্গে ওঠে। উত্তেজিত জনতা গাড়ি লক্ষ্য করে ইঁট,পাথর ছোঁড়ে, যে গাড়িতে তাদের আনা হয়, তাকে আক্রমণ করে।
পুলিশ প্রাণপন চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আনে বলে জানা গেছে। রাজ্য প্রশাসন এতে উদবিগ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*