রোজদিন ডেস্ক : ভিন রাজ্য, বিশেষত বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের আক্রমণ, হেনস্থার প্রতিবাদে এবার বিধানসভায় প্রস্তাব আনছে শাসক তৃণমূল কংগ্রেস।
এইদিন বিধানসভার স্বল্পকালীন অধিবেশনের প্রথম দিনই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে আক্রমণ ও হেনস্থার প্রতিবাদে রাজ্যের শাসক দল ছাড়া বিরোধী বামফ্রন্টও রীতিমত সরব। অন্যদিকে বাংলাভাষীদের ওপর আক্রমণ নিয়ে কলকাতায় তৃণমূল কংগ্রেস এর আন্দোলনের মঞ্চ খুলে দেয় সেনাবাহিনী। যা নিয়ে ক্ষুব্ধ শাসক দল। যদিও সপ্তাহ ভর এই মঞ্চ রাখা যাবে না বলে সেনার বক্তব্য। গত শনি ও রবিবার এখানে শাসক দলের সংগঠন প্রতিবাদ বিক্ষোভ করেন।
বিধানসভা সূত্রে প্রকাশ, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ ও হেনস্থার প্রতিবাদে শাসক দল প্রস্তাব আনতে চায়। এই বিষয়ে আলাপ আলোচনা চলছে বলে জানা যায়। ৩ সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে অধিবেশন হবে না। ৪ সেপ্টেম্বর অবধি অধিবেশন চলার কথা। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভায় প্রস্তাব এলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও অংশ নেবেন বলে জানা যায়।

Be the first to comment