রোজদিন ডেস্ক :
সোনা কেনা, জ্বালানি ব্যবহার ইত্যাদি একাধিক ক্ষেত্রে দেশবাসীকে সংযম দেখাতে বলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর এই বক্তব্য দেশের অর্থনীতি পরিচালনায় সরকারের ব্যর্থতা বলে তিনি মনে করেন।
আজ সমাজ মাধ্যমে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নিজের দায়িত্ব ভার গ্রহণ না করে নাগরিকদের ওপর তা চাপিয়ে দিচ্ছেন। জনগণকে মিতব্যয়ী, ত্যাগ স্বীকার করার আহবান জানাচ্ছেন! বলছেন, সোনা কিনবেন না,বিদেশে যাবেন না, সংযম আনতে বলছেন সব ধরণের
জ্বালানি ব্যবহারে, এর মধ্যে রান্নার গ্যাস ও আছে। বাড়ি থেকে কাজেও গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী।
এই সবই কোন পরামর্শ নয়, সরকারের ব্যর্থতার প্রমাণ বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রী দেশকে এমন পর্যায়ে নিয়ে এসেছেন, যেখানে কে কি করবেন, কি কিনবেন, কোথায় যাবেন ইত্যাদি বলে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, মধ্য প্রাচ্যে যুদ্ধের প্রেক্ষিতে গতকাল প্রধানমন্ত্রী দেশবাসীকে এই সব ক্ষেত্রে সংযমী হওয়ার বার্তা দেন। যা নিয়ে দেশের বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
রাহুল গান্ধী র মতে, এখন এমন প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন, যিনি ইতিমধ্যেই আপস করে ফেলেছেন।

Be the first to comment