রাজধানীতে পথকুকুরের কামড়ের আতঙ্ক, রাস্তা থেকে সমস্ত পথ কুকুর সরিয়ে ফেলার নির্দেশ সুপ্রিম কোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক : সম্প্রতি দিল্লিতে কুকুরের কামড়ে বেড়েছে জলাতঙ্ক আতঙ্ক। আহতও হন বেশ কয়েকজন, আহতদের মধ্যে শিশু ও প্রবীণ নাগরিক বেশি। অভিযোগ শোনার পর সমস্ত পথ কুকুরদের দিল্লি-এনসিআর এলাকার আবাসিক অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এ দিন সুপ্রিম কোর্টে বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন এই রায় দেন। সাথে এও বলা হয়, যদি কোনও সংগঠন বা প্রতিষ্ঠান বাধা দেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলেই নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

অ্যামিকাস কিউরি গৌরব আগরওয়ালকে বিচারপতি পারদিওয়ালা বলেন, “সমস্ত এলাকা থেকে পথ কুকুরদের তুলে নিয়ে গিয়ে দূরে কোথাও স্থানান্তর করুন। আপাতত নিয়ম ভুলে যান। যারা জলাতঙ্কে আক্রান্ত হচ্ছেন, তাদের পশুপ্রেমীরা কি ফিরিয়ে আনতে পারবে? পথকুকুর মুক্ত করতে হবে আমাদের সব রাস্তা। পথকুকুরদের দত্তক নেওয়াও বন্ধ।”

উল্লেখ্য, নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রামে ডগ শেল্টার তৈরি করতে, সেখানে পথকুকুরদের স্থানান্তর করে শীর্ষ আদালতকে আপডেট জানাতে বলা হয়েছে। এই সব শেল্টারে কুকুরদের সামলাতে পারেন, এমন পেশাদার থাকতেই হবে। কুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ করতে হবে। সিসিটিভিও বাধ্যতামূলকভাবে বসাতে হবে যাতে কোনও কুকুর শেল্টার থেকে পালিয়ে না যায়। কুকুর কামড়ের ঘটনার ক্ষেত্রে হেল্পলাইন চালু করতেও বলা হয়েছে।

এবিষয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “এই অবলা প্রাণীদের এভাবে অপসারণ না করেও জনগণের নিরাপত্তার কথা ভাবা যেত। এই নিষ্ঠুরতা ছাড়াও টীকাকরণ, জীবাণুমুক্তিকরণ, এবং অন্যত্র আশ্রয়দানের মধ্যে দিয়েও এই সমস্যার সমাধান সম্ভব ছিল।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*