রোজদিন ডেস্ক :
নিট নিয়ে ঐক্যবদ্ধ বিরোধী জোট আজ লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ৩০ জানুয়ারি মার্গের মহাত্মা গান্ধী স্মৃতিতে যান। তিনটি বাসে করে সেখানে গেলে দিল্লি পুলিশ তাঁদের ব্যারিকেড করে আটকে দেয়৷ রাহুল গান্ধীর হাতে ভারতীয় সংবিধান ছিল, এই ভবনে মহাত্মা গান্ধী তাঁর শেষ জীবনের কিছুদিন কাটিয়েছিলেন।

জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে সহ বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা এর আগে রাহুল গান্ধীর বাড়িতে বৈঠক করেন৷ প্রথমে তাঁদের গন্তব্য ছিল ইন্ডিয়া গেট। পুলিশ বাধা দেওয়ায় তাঁরা গান্ধী স্মৃতিতে যান। প্রদেশ কংগ্রেসের বিশিষ্ট নেতা অধীর চৌধুরী সহ বিশিষ্ট নেতারা এই কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, পড়ুয়াদের ওপর পুলিশের নির্মম আক্রমণের প্রতিবাদে তাঁদের এই সংহতি জ্ঞাপন। প্রিয়াঙ্কা গান্ধী, সন্দীপ দীক্ষিত, মল্লিকার্জুন খাড়্গে, জয়রাম রমেশ, কে সি বেণুগোপাল, আরজেডি, টিএমসি, সিপিএম, সমাজবাদী ইত্যাদি সব দলের সদস্যরা এই প্রতিবাদ আন্দোলনে অংশ নেন।
অধীর চৌধুরী বলেন, ন্যায় বিচারের সংগ্রামে গান্ধীজিই তাঁদের পথ প্রদর্শক। দেশের সব পড়ুয়া, যুবদের পাশে তাঁরা আছেন।
আজ সকালে সংসদে ও কংগ্রেস সহ বিরোধী পক্ষর সঙ্গে এই বিষয় নিয়ে এনডিএ-র দফায় দফায় বচসা বাধে।
সন্ধ্যায় রাহুল গান্ধী জানান, তাঁরা পড়ুয়াদের পাশে আছেন। ওঁরা পথে আছেন, তাঁদের সমর্থন ওঁদের সঙ্গেই আছে।

Be the first to comment