টানা বৃষ্টি ও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমান বৃদ্ধি পাওয়ায় আতঙ্কের প্রহর গুণছেন দামোদর পাড়ের বাসিন্দারা

Spread the love

রোজদিন ডেস্ক : একদিকে অসময়ে টানা বৃষ্টি। পাশাপাশি দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই জোড়া ফলায় আপাতত পুজো শেষ হতেই আতঙ্কের প্রহর গুণছে দামোদর পাড়ের বাসিন্দারা। ঘর ছাড়া হওয়ার আশঙ্কা ছাড়াও রয়েছে বিপুল অঙ্কের কৃষিজমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা।
নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে বাঁকুড়া জেলায়।
লক্ষ্মী পুজোর মুখে বিপর্যয়ের আশঙ্কায় ফের দাম চড়তে শুরু করেছে সবজির। গত ৪৮ ঘন্টায় জেলায় মোট বৃষ্টি হয়েছে ৮৬.৯ মিলিমিটার। এর ফলে জেলার অন্যতম সবজি উৎপাদক অঞ্চল সোনামুখী ব্লকের দামোদর তীরবর্তী সমিতি মানা, কেনেটি মানা, রাঙামাটি-সহ বিস্তীর্ণ এলাকায় জল জমতে শুরু করেছে। এদিকে দুর্গাপুর ব্যরেজ থেকে জল ছাড়ার পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকায় দামোদর নদের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জল ছাড়ার পরিমাণ যত বাড়ছে সোনামুখী ব্লকে ক্রমশ চেপে বসছে বন্যার আশঙ্কা। একদিকে জমিতে জমা জলে ফসল নষ্টের আশঙ্কা আর অন্যদিকে বন্যার জলে সব খোয়ানোর আশঙ্কা এখন তাড়া করে বেড়াচ্ছে ওই বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*