রোজদিন ডেস্ক, কলকাতা:- লাগাতার বৃষ্টিতে গোটা কলকাতা জলমগ্ন অবস্থা তৈরি হয়েছে ফের। বিভিন্ন এলাকায় জল জমে প্রতি বারের চেনা দুর্ভোগের সেই ছবি ফিরেছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গে জেলায় জেলায় নিচু এলাকাগুলিতেও জল জমেছে। আজ সপ্তাহের শেষে বৃষ্টি চলবে শহর থেকে জেলা সর্বত্র।
তবে পশ্চিমবঙ্গে ক্রমশ কমছে নিম্নচাপের প্রভাব। আজ থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আগামী সপ্তাহের শুরুতে ফের বৃষ্টি বাড়বে বাংলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ভোরে নিম্নচাপের অবস্থান ঝাড়খণ্ডের রাঁচি, জামশেদপুর এবং ছত্তীসগড়ে।
মৌসুমী অক্ষরেখা জম্মু চন্ডিগড় শাহজাহানপুর গোরখপুর পাটনা রাঁচির পর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে নিম্নচাপের এলাকা অর্থাৎ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী সপ্তাহের শুরুতে ফের পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী সপ্তাহে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আজ শনিবার থেকে সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টির পূর্বাভাস। রবিবার ভিজবে নদিয়া, মুর্শিদাবাদ। সোমবার নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে অতিভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।
বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি পূর্বাভাস বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।
কলকাতায় শুক্রবারও দিন ভর দফায় দফায় বৃষ্টির চলেছে । লাগাতার বৃষ্টির জেরে শহর কলকাতার বিস্তীর্ণ প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে। কলকাতার পাশাপাশি লাগোয়া সল্টলেকের বহু এলাকা জলের তলায়। বেশ কিছু জায়গায় পাম্প লাগিয়ে জল বের করার কাজ করছেন পুরকর্মীরা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে শনিবারও কলকাতা শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গতকালের চেয়ে বৃষ্টির দাপট কিছুটা কমবে।

Be the first to comment