রোজদিন ডেস্ক : আজ ২১ মে বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধিজির মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি। তার পাশাপাশি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন সোশ্যাল মিডিয়ায় রাজীব গান্ধির প্রতি শ্রদ্ধা জানান। দিল্লিতে প্রয়াত প্রধানমন্ত্রীর সমাধিস্থলে প্রতি বছরের মতো এবারও দিনটি পালন করেন কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন নয়াদিল্লির বীরভূমিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ বহু নেতা ও কর্মী পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রয়াত নেতার উদ্দেশ্যে।

১৯৮৪ থেকে ১৯৮৯ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির হত্যার পর কিছুটা আকস্মিক ভাবেই তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তখন তাঁর বয়স মাত্র ৪০ বছর। ভারতের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী তিনি। তাঁর হাত ধরেই ১৯৮৪-র নির্বাচনে রেকর্ড আসন পায় কংগ্রেস। কিন্তু ১৯৮৯ সালের লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর তিনি বিরোধী দলনেতার ভূমিকা পালন করেন সংসদে। পরে ১৯৯১ সালের লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন তামিলনাড়ুর শ্রীপেরামপুদুরে এক জনসভায় এলটিটিই জঙ্গিদের মানব বোমা বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়। ১৯৪৪ সালের ২০ আগস্ট তৎকালীন বোম্বেয় (বর্তমান মুম্বই) জন্ম হয় ফিরোজ ও ইন্দিরার জ্যেষ্ঠ পুত্র রাজীবের। প্রথম জীবনে তিনি ছিলেন কমার্শিয়াল পাইলট। পরে ভাই সঞ্জয়ের অকালমৃত্যুর পর তিনি রাজনীতিতে আসেন।

Be the first to comment