রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজুয়ায় বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন যুব তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সহ-সভাপতি শুভেন্দু দাস।
বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুভেন্দুকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে দল থেকে। কারণ দলবিরোধী কাজ করেছেন তিনি।
ঘটনা গত ৪ জুলাই রাতের। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার রাজুয়া গ্রামে একটি বাড়িতে বোমা বাঁধার সময় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলেই প্রাণ যায় বরকত কারিগর নামে একজনের, যিনি বীরভূমের নানুর থানা এলাকার বাসিন্দা। গুরুতর জখম হন স্থানীয় তুফান চৌধুরী সহ আরও তিনজন। তুফানকে হাসপাতালে ভর্তি করা হয়, বাকি দুই অভিযুক্ত পলাতক। পরে মোট ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

Be the first to comment