রমিত সরকার, নদীয়া :
নদিয়ার কৃষ্ণনগর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র সন্দীপ পাল অল্প বয়সেই নিজের শিল্প প্রতিভার মাধ্যমে সকলের নজর কেড়েছে। সম্প্রতি তার হাত ধরে গড়ে উঠেছে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের এক অনবদ্য মৃৎশিল্পের প্রতিকৃতি, যা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।
ছোট থেকেই শিল্পকলার প্রতি গভীর আগ্রহ ছিল সন্দীপের। বর্তমানে সে নিয়মিতভাবে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট মৃৎশিল্পী সুবীর পাল-এর কাছে মৃৎশিল্পের প্রশিক্ষণ নিচ্ছে। গুরুজনের তত্ত্বাবধানে নিজের শিল্পচর্চাকে আরও নিখুঁত করে তুলছে সে।

রাজা রামমোহন রায়ের মূর্তি নির্মাণে সন্দীপের সূক্ষ্ম কারুকাজ, মুখাবয়বের অভিব্যক্তি এবং ঐতিহ্যবাহী শিল্পরীতির ব্যবহার সকলকেই মুগ্ধ করেছে। এর আগেও বিভিন্ন বিষয়ভিত্তিক একাধিক শিল্পকর্ম তৈরি করে প্রশংসা অর্জন করেছে এই কিশোর শিল্পী।

স্থানীয়দের মতে, এত অল্প বয়সে এমন দক্ষতা সত্যিই বিরল। পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চাকে সমান গুরুত্ব দিয়ে সন্দীপ নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছে। তার এই সাফল্যে খুশি পরিবার, শিক্ষক এবং এলাকাবাসীও।
ভবিষ্যতে আরও বড় মাপের শিল্পী হয়ে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে দেশের দরবারে তুলে ধরতে চায় সন্দীপ পাল।

Be the first to comment