প্রতিবেদন: হোটেলের রুমে মাদক খাইয়ে বেহুঁশ করে তরুণীকে ধর্ষণের অভিযোগ। সেই ভিডিয়ো তুলে ব্ল্যাকমেলিং ও হুমকি। তারপর মারধর। তিলজলার বাসিন্দা ওই নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে এক যুবককে পাকড়াও করেছে তিলজলা থানা। নাম মহম্মদ হায়দার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় ওই যুবকের সঙ্গে পরিচয় হয় তরুণীর। অল্পদিনে ওই তরুণী হায়দারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। বেশ কয়েকবার দেখাও হয় তাদের। তারা বেড়াতেও যান একসঙ্গে। গত ২০ জুলাই ওই তরুণীকে একটি হোটেলের সামনে আসতে বলে যুবক। তিনি সেখানে পৌঁছে গেলে যুবকে ফের একসঙ্গে আউটিংয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানায়। এরপর দু’জনে হোটেলের রুমে যান। অভিযোগ, সেখানে কোল্ড ড্রিংকের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে তরুণীকে বেহুঁশ করে ধর্ষণ করে হায়দার। রাতভর তাঁকে আটকে রাখা হয়। ২১ তারিখ তরুণী তিলজলা থানায় অভিযোগ দায়ের করেন। তরুণীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর জামাকাপড়। বুধবার রাতে অভিযুক্ত হায়দারকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আলিপুর আদালতে তোলা হয়।

Be the first to comment