রোজদিন ডেস্ক :
রাজ্যে পদ্ম শাসনে এবার রথযাত্রা, শ্রাবণী মেলায় সহায়তার হাত বাড়িয়ে দিলো রাজ্য সরকার। আজ নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৬০ টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে সহায়তা ঘোষণা করেন। প্রাক্তন সরকারকে কটাক্ষে বিঁধে বলেন, ওঁরা শুধু কয়েকজন ট্রাফিক পুলিশ কে পাঠিয়েই দায়িত্ব সারতেন। তাঁদের সরকার এই ঐতিহ্য পূর্ণ উৎসবে সরকারি ভাবে অংশ গ্রহণ করবে। দীর্ঘ দিন ধরে যাঁরা রথযাত্রা পালন করেন, এমন ৬০ টি কমিটিকে বাছাই করে ৫ লক্ষ টাকা করে তাঁরা দিচ্ছেন। প্রথম বছর এই তালিকা তৈরিতে কোন ভুল হলে তা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়। আজ যে বৃক্ষ রোপিত হোল, আগামীতে তা মহীরুহ হবে। সরকারি সহায়তা প্রাপ্ত কমিটিদের পুরানো রথগুলির সংস্কার করতে আর্জি জানান মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উন্নয়ন ও ঐতিহ্য ধ্বনিকে সামনে রেখে তাঁরা এগোতে চান বলে জানান।
ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা নিয়েও আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার তারকেশ্বরের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য। এই এলাকাকে আরও সুন্দর ভাবে সাজিয়ে তোলা হবে। আবহাওয়া অনুকূল থাকলে প্রতি সোমবার হেলিকপ্টার থেকে জলের বাঁক নিয়ে যাওয়া তীর্থ যাত্রীদের ওপর পুষ্প বৃষ্টি করা হবে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর অবধি পথে ৫ কি মি অন্তর থাকবে সেবা কেন্দ্র। তীর্থযাত্রীদের জন্য নানা সুবিধার ব্যবস্থা করা হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান,তারকেশ্বর এর পাশে জলপাইগুড়ির জল্পেশ মন্দির, ভুটান সীমান্তে মন্দিরগুলির জন্য ও পুলিশি সহায়তা শিবির, স্বাস্থ্য শিবির খোলা হবে।
আগামী কাল ১৪ জুলাই মুখ্যমন্ত্রী তারকেশ্বর যাবেন বলে জানা যায়।

Be the first to comment