রোজদিন ডেস্ক, কলকাতা:- দীঘার জগন্নাথ মন্দিরে এবার প্রথমবারের মতো মহাসমারোহে পালিত হতে চলেছে রথযাত্রা উৎসব। কিন্তু তার আগে মন্দিরের দরজা ১৫ দিনের জন্য বন্ধ থাকবে, ভক্তদের মিলবে না জগন্নাথদেবের দর্শন। এর পেছনে রয়েছে হিন্দু ধর্মের প্রাচীন রীতি। মঙ্গলবার রাত থেকে শুরু হচ্ছে স্নানযাত্রা, যা চলবে ১১ জুন দুপুর পর্যন্ত।এরপর জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রার ‘তেড়ে জ্বর’ আসার প্রচলিত গাথা অনুযায়ী তাঁরা অন্তরালে থাকবেন। এই সময় গর্ভগৃহের দরজা বন্ধ থাকবে এবং বিগ্রহ দর্শনের সুযোগ মিলবে না। এই রীতিকে অনেকটা কোভিডকালের ‘কোয়ারেন্টাইন’ পর্বের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই ১৫ দিনে ৫৬ ভোগের আয়োজনও বন্ধ থাকবে, যা ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
দিঘা জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ জুন স্নানযাত্রার পর ২৬ জুন নবযৌবন ও নেত্র উৎসব পালিত হবে। এরপর ২৭ জুন, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে। দিঘা থানার পাশের পুরোনো মন্দিরকে ‘মাসির বাড়ি’ হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে ৭৫ লক্ষ টাকার প্রকল্পে পরিকাঠামো উন্নয়ন প্রায় সম্পূর্ণ। রথযাত্রার সময় নিম কাঠের মূর্তি সেখানে রাখা হবে, তবে মন্দিরে থাকবে পাথরের বিগ্রহ। গত দেড় মাসে প্রায় ৪০ লক্ষ ভক্ত জগন্নাথদেবের দর্শন করেছেন। রথযাত্রায় ভীড় আরও বাড়বে বলে প্রশাসন ইতিমধ্যে বৈঠক শুরু করেছে।

Be the first to comment