রোজদিন ডেস্ক, কলকাতা :- বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় মৃত ১১ জনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিল আরসিবি কর্তৃপক্ষ। পাশাপাশি আহতদের চিকিৎসা ও অন্যান্য সাহায্যের জন্য গড়া হচ্ছে বিশেষ তহবিল।
সরকারি বিবৃতিতে বলা হয়, ‘গতকাল বেঙ্গালুরুর দুর্ভাগ্যজনক ঘটনা আরসিবি পরিবারকে ব্যথিত করেছে, যন্ত্রণা দিয়েছে। সম্মান ও সমবেদনার স্মারক হিসেবে আমরা মৃতদের প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেব। এর পাশাপাশি মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন যারা, তাঁদের পাশে দাঁড়াতে আরসিবি কেয়ার্স ফান্ড নামে একটি তহবিল গড়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।‘
গতকাল আইপিএল ট্রফি-জয়কে স্মরণীয় করে রাখতে চড়া দাগের উদযাপনের উদ্যোগ নেয় আরসিবি। হাতে হাত মেলায় কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনও। সুরক্ষা ও নিরাপত্তার যথোপযুক্ত ব্যবস্থা না করেই খোলা ছাদের বাসে শহর পরিভ্রমণ, বিধান সৌধে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের তরফে বিজয়ী ক্রিকেটারদের সম্মান প্রদান, চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের ভাষণ, ট্রফি প্রদর্শন—একাধিক কর্মসূচি ঘোষিত হয়। সবই উপযুক্ত ব্যবস্থা ছাড়া!

Be the first to comment