রোজদিন ডেস্ক, কলকাতা:- অপরেশন সিঁদুরে ভারতীয় সেনা বাহিনীর কৃতিত্বের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়ে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনা হচ্ছে। আগামী মঙ্গলবার বিধানসভার আগামী অধিবেশনের দ্বিতীয় দিনে এই সরকারি প্রস্তাব নিয়ে দুঘন্টা আলোচনা হবে বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আগামী সোমবার থেকে বিধানসভার পরবর্তী অধিবেশন শুরু হচ্ছে। দ্বিতীয় দিনেই ওই প্রস্তাবের উপর আলোচনা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ঐদিনের আলোচনায় অংশ নেবেন বলে অধ্যক্ষ জানিয়েছেন। বিধানসভার অধিবেশন শুরুর আগে আজ প্রথা মেনে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। যদিও প্রধান বিরোধী দল বিজেপি তাদের ঘোষিত অবস্থান অনুযায়ী ওই বৈঠক বয়কট করেন। তবে উপস্থিত ছিলেন আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভার অধিবেশনে মুর্শিদাবাদ ও মালদার একাধিক এলাকায় সাম্প্রতিক অশান্তি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনার পরিকল্পনা করেছে বিজেপি। এই প্রসঙ্গে অধ্যক্ষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিধিমাফিক প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে।

Be the first to comment