রোজদিন ডেস্ক: সরকার বদলের প্রথম মাসেই ইঙ্গিতটা স্পষ্ট মিলেছিল। আর সেটা নিতান্তই ফাঁকা বুলি নয়, পরের তিন মাসের তথ্য তাতেই সিলমোহর দিল। বাস্তবের তথ্য বলছে, প্রথম মাসেই শুভেন্দু অধিকারীর সরকার রাজস্ব আদায়ে টেক্কা দিয়েছিল পূর্বতন সরকারকে। নতুন করে এক টাকা কর না চাপিয়েই তারা গত বছর ওই মাসের তুলনায় এক হাজার কোটি টাকারও বেশি রাজস্ব আদায় করেছিল। আর তিন মাস পরের তথ্য বলছে, রাজস্ব বেড়েছে প্রায় ১৮ শতাংশ। তাহলে প্রশ্ন এটা কি ম্যাজিক টিম শুভেন্দুর? উত্তরটা হল না। তাহলে নতুন কর না বসিয়েই কীভাবে এল এই বিপুল অঙ্কের বাড়তি রাজস্ব? উত্তরটা হল, কর ফাঁকি, রেভিনিউ লিকেজ বন্ধ থেকে নজরদারি বাড়ানো, এটা করেই এই সাফল্য টিম শুভেন্দুর।
একদিকে ঘাড়ের ওপর বিপুল ঋণের বোঝা। সঙ্গে ক্রমবর্ধমান সরকারি খরচ। এই দু’য়ের জাঁতাকলে জেরবার রাজ্যের অর্থনীতি। এরইমধ্যে রাজস্ব বৃদ্ধির এই খবর রাজ্যের পক্ষে অবশ্যই বড় সাফল্য। প্রশাসনের দাবি, নতুন কোনও কর না চাপিয়ে, পূর্বতন সরকারের সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প চালু রেখেই এই সাফল্য এসেছে। এর নেপথ্যে মূলত রাজস্ব আদায় ব্যবস্থায় নজরদারি বাড়ানো, কর ফাঁকি ও রেভিনিউ লিকেজ বন্ধ করা, খনি ও খাদান থেকে প্রাপ্য সরকারি আয় নিশ্চিত করার পরিকল্পনাই কাজ করেছে। যে জায়গাগুলি পূর্বতন সরকারের আমলে সবচেয়ে অবহেলিত ছিল। কুর্সিতে বসেই সেই জায়গাগুলিতে নাড়া দিয়েছে বিজেপির সরকার। আর তাতেই আসছে সাফল্য।

Be the first to comment